মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধ বেড় জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করায় ১৯ জেলেকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ জুলাই) দিনব্যাপী উপজেলার হাকালুকি হাওরের কাংলি গোবরকুরি চিকনামাটি অভয়াশ্রমে অভিযান চালিয়ে তাদেরকে এ জরিমানা করা হয়।
এছাড়া, পঁচা মাছ বিক্রির অপরাধে পৌরসভাস্থ দক্ষিণ বাজারে ৩ জন মাছ বিক্রেতাকে ৩৫০০ টাকা জরিমানা করে পঁচা মাছ মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়,
‘হাকালুকি হাওরের কাংলি গোবরকুরি চিকনামাটি অভয়াশ্রম এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে।’
‘এ সময় অভয়াশ্রমে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ বেড় জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় জালসহ ১৯ জনকে আটক করে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।’
‘পরে তাদের কাছ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকার ১৪ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।’
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ। অভিযানে সহায়তা করে কুলাউড়া থানা পুলিশ।
আরও পড়ুন:
