রোগীকে দেখতে গিয়ে পিকআপের ধাক্কায় স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে রোগীকে দেখতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের স্ত্রীও।

শনিবার (১৫ জুলাই) রাত পৌনে ৯টার দিকে পৌর শহরের টাটকপুর বেলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার (১৬ জুলাই) বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে আব্দুল মালেক।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম জানান,

‘শনিবার রাতে মালেক ও তার স্ত্রী মোটরসাইকেলে করে একজন রোগীকে দেখতে বিরামপুরের হাজি ক্লিনিকে যাচ্ছিলেন।’

‘পথে টাটকপুর বেলডাঙ্গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা আহত হন।’

‘এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মালেককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।’

‘সেখানে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আর তার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।’

তথ্য নিশ্চিত করে ওসি সুমন কুমার মহন্ত জানান,

শনিবার (১৫ জুলাই) রাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও পরিবারের কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন :

এনএএন টিভি