মালবোঝাই ট্রাক্টরের চাপায় মায়ের মৃত্যু, আহত ছেলে!

নীলফামারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে গেলে মালবোঝাই ট্রাক্টরের চাপায় সুনন্তি বালা (৪৫) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে।

এ সময় গুরুতর আহত হয়েছেন তার ছেলে কৃষ্ণ চন্দ্র রায় (২২)।

শনিবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামনগর ইউনিয়নের দুহুলি বাজারের বুড়িখোড়া নদীর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সুনন্তি বালা নীলফামারী সদর উপজেলার রামনগর দোলাপাড়ার এলাকার ফনি ভূষণের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,

‘শনিবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে ছেলের সঙ্গে বাবার বাড়ি সদর উপজেলার কচুকাটা নোয়ালির ডাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন সুনন্তি বালা।’

‘পথে দুহুলি বাজারের বুড়িখোড়া নদীর ব্রিজের ওপর একটি মালবোঝাই ট্রাক্টরকে ওভারটেক করার সময় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কের ওপর পড়ে।’

‘এ সময় ট্রাক্টরের চাকার নিচে চাপা পড়েন সুনন্তি বালা।’

‘পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে

নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় সুনন্তি বালা মারা যান।’

‘অবস্থার অবনতি হওয়ায় কৃষ্ণ চন্দ্রকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।’

নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এনামুল হক বলেন,

‘আমরা খবর পেয়ে উদ্ধার করে মা ও ছেলেকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেছি। মায়ের পা দুটি ছিঁড়ে গেছে।’

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন,

‘ঘটনার পর ট্রাক্টর রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান। ট্রাক্টর ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে।’

এনএএন টিভি