নারায়ণগঞ্জের ফতুল্লায় ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ ব্যবসায়ীর অফিসে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ সময় ইন্টারনেট ব্যবসায়ী তুষার ও তার বোন বৈশাখী আহত হয়েছেন।
শনিবার (৩ জুন) রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর শেরে বাংলা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,
‘শেরে বাংলা রোডে ১৩/৩ হোল্ডিং নম্বরের আব্দুল মতিনের বাড়ির ভাড়াটে তুষার ও একই এলাকার রাসেল মিয়ার আলাদা ইন্টারনেট ব্যবসা রয়েছে।
এই ব্যবসা নিয়ে তাদের দু’জনের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। গত শুক্রবারও (২ জুন) তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এরপর শনিবার রাত ৯টার দিকে রাসেল মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন লোক এসে মতিনের বাড়িতে প্রবেশ করে।
প্রথমেই তারা বাড়ির সিসি ক্যামেরার লাইন কেটে দেয়। পরবর্তীকালে ওই বাড়ির নিচ তলায় পিস টেকনোলজি নামে ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে।
এতে ওই বাড়ির কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। এ সময় তারা ওই প্রতিষ্ঠানের মালিক তুষারকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যায় এবং মারধর করে।
ভাইয়ের ওপর হামলা দেখে তুষারের বোন বৈশাখী এগিয়ে গেলে তাকেও আঘাত করে হামলাকারীরা।
সেই সঙ্গে একটি মোটরসাইকেল ভাঙচুর করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দীপু বিষয়টি নিশ্চিত করে বলেন,
‘হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
এ ঘটনায় দুইজনকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। তবে কোনো বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি।
তদন্ত করে এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।’
আরও পড়ুন:
- ‘খুশি’ নিয়ে তুরস্কে বিজয়-সামান্থা
- কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন
- সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী
- কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি সহ নিহত ৩
- স্মার্ট প্যান্টে চেইন খুললেই সঙ্গীর কাছে যাবে নোটিফিকেশন!
- বোদায় বিয়ে হওয়া স্বত্তেও স্ত্রীর স্বীকৃতি দিচ্ছেন না ছাত্রলীগ সভাপতি

Comments are closed.