ফরিদপুর শহরের টেপাখোলা লেকপাড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহাগ মৃধা (৩৬) নামের এক যুবককে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে কোতয়ালি থানার এসআই ফাহিম ফয়সালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আটক সোহাগ মৃধা সদরপুর উপজেলার বাবুরচর কাচারীডাঙ্গি গ্রামের সহিদ মৃধার ছেলে। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে এবং সোহাগ মৃধার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে এই ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশের ধারণা, আটক সোহাগ মৃধা কোনো অপরাধমূলক চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ জানিয়েছে, ফরিদপুর শহর ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে অভিযান ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হবে।
স্থানীয়রা পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছে। তারা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো থাকবে।
