বন্দরে বৃদ্ধাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার; মিলেনি পরিবারের খোঁজ

নারায়ণগঞ্জের বন্দর থানা ২১ নং ওয়ার্ড স্কুল ঘাট সংলগ্ন নদীর পাড়ে হাত-পা বাঁধা অবস্থায় ৯০ বছরের বৃদ্ধাকে উদ্ধারের ১৫ দিন অতিবাহিত হলেও খোঁজ মিলছে না  পরিবারের

সরেজমিনে গিয়ে জানা যায়, বন্দর বাগবাড়ী এলাকার প্রবাস ফেরত আফজাল হোসেন প্রথমে খুঁজে পান এই বৃদ্ধাকে।

ঘটনার বর্ণনা দিয়ে আফজাল হোসেন জানান,

‘ঘটনার দিন ফজরের নামাজ শেষে নদীর পাড় দিয়ে হাটার পথে স্কুল ঘাট সংলগ্ন আসতেই কেউ যেনো হঠাৎ করে পা ধরে বাবা বলে চিৎকার করতে চেষ্টা করছে।’

‘দেখা যায়, এক বৃদ্ধা পা দুটো এভাবে জড়িয়ে ধরেছে, তার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, শরীরের বিভিন্ন স্থানে ঘাঁ হয়ে রয়েছে, যা দেখতে খুব ভয়ংকর লাগছিলো।’

‘এ সময় বৃদ্ধাকে এভাবে দেখে কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে বৃদ্ধাকে প্রবাসী আফজাল নিজেই গোসল করিয়ে দেন।’

‘এরপর স্থানীয় কয়েকজনের সহযোগিতায় ভর্তি করান বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপর থেকে নিয়মিত এসে দেখে যান তিনি।’

তিনি আরও জানান, ‘গত মে মাসেই মালয়েশিয়া চলে যাওয়ার কথা ছিলো তার, তবে যাওয়া হয় নি।’

এ সময় বৃদ্ধার বিভিন্ন তথ্য জানিয়ে আফজাল হোসেন বলেন,

‘বৃদ্ধা মহিলাটির ছেলে মেয়ে সবাই আছে, তবে স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না।

তবে এই বৃদ্ধা মহিলাটির সাথে কথা বলে এতোটুকু জানা গেছে, তার নাম আনঞ্জুম,

গ্রাম পটুয়াখালী, বরিশাল, কাশীপুর থাকতেন, নানীর বাড়ির কথা বলে ছেলে বের করে নিয়ে এসে এরপর হাত বেধে ফেলে চলে যায়।’

এ বিষয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য অফিসার মো: বেলায়েত হোসেন বলেন,

‘এখানে যথাসাধ্য সেবা দেয়া হচ্ছে, ইনশাল্লাহ আগের থেকে এখন তিনি অনেকটাই সুস্থ, এখন পরিবারের কাউকে পাওয়া গেলেই সেচ্ছাসেবী কর্মীদের সাথে নিয়ে হস্তান্তর করবো।’

অপরদিকে, উপজেলা সমাজ সেবা অফিসার ফয়সাল কবির বলেন,

‘আমরা বিষয়টি শুরু থেকেই অবগত, এছাড়া বিষয়টি ইউএনও স্যার জানেন। ১৫ দিনে কিছুটা সুস্থ হয়েছে।’

‘এখন আরও কিছু দিন অতিবাহিত হওয়ার পরেও পরিবারের কাউকে পাওয়া না গেলেও বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করবো।’

এনএএন টিভি