লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বিপুল মিয়া (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
আজ ভোর ৪ টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ও ভারতের চ্যাংরাবান্ধা সীমান্তের ৮৪৩ মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয় বাংলাদেশি যুবক। পরে তার সঙ্গীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যান।
নিহত বিপুল মিয়া (২৩) পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪৩ মেইন পিলার এর কাছ দিয়ে ৮/ ১০ জনের বাংলাদেশি গরু চোরাকারবারির একটি দল ভারতের ১৫০ গজ অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে ভারতের ৯৮ বিএসএফ এর চ্যাংড়াবান্ধা ক্যাম্পের টহল দল কর্তৃক ২ থেকে ৩ রাউন্ড গুলি করে। এতে বিপুল মিয়ার শরীরে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, উপজেলার গাটিয়ার ভিটা এলাকায় নিজ বাড়িতে একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। কিভাবে গুলিবিদ্ধ হয়েছে বিষয়টি জানা নেই। এ বিষয়ে পুলিশ তদন্ত করছেন।
