ভীমরুলের কামড়ে বোয়ালমারীতে মৃত্যু হয় শিশুর

ফরিদপুরের বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে নুসরাত জাহান সাবিহা নামের ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মেয়েকে বাঁচাতে গিয়ে এ ঘটনায় ভীমরুলের ১৫টি কামড়ে তার মা আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিনের এক তলা বাড়ির ছাদে কবুতরের বাসা। ওই কবুতরের বাসার সাথে একটি ভীমরুলের চাক ছিলো।

সোমবার দুপুরে নুসরাত ছাদে উঠে একটি গাছের ডাল ধরে টান দিলে ভীমরুলের দল চাক থেকে বের হয়ে ৫০-৬০টি কামড় দেয়। চিৎকার শুনে নুসরাতের মা তাকে উদ্ধার করতে গেলে ভীমরুল নুসরাতের মা সুমনাকেও ১৫টির মতো কামড় দেয়।

পরে আহত দুই জনকে সাথে সাথে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০টার দিকে নুসরাতের মৃত্যু হয়। নুসরাত তিন ভাইবোনের মধ্যে মেজো ছিল।

 

এনএএন টিভি