ভোট কিনতে গিয়ে টাকা বিতরণকালে টাকাসহ আটক দুইজন

বরগুরার আমতলীর ১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের মাঝে টাকা বিতরণকালে ৪০ হাজার টাকাসহ দুইজনকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে তাদের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, আমতলী সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে অটোরিকশা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধার ছোট ভাই রফিকুল ইসলাম বিথু ও রিয়াজ হাওলাদার আমতলী পৌরসভার এমইউস্কুল সড়কের একটি বাসায় বসে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণ করছিলেন।

এখবর পেয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান তারেক ওই বাসায় অভিযান পরিচালনা করে এর সত্যতা পান। এ সময় ঘটনাস্থল থেকে ৪০ হাজার টাকাসহ রফিকুল ইসলাম বিথু ও রিয়াজ হাওলাদারকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রফিকুল ইসলাম বিথুকে ১ মাস এবং রিয়াজ হাওলাদারকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান তারেক বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card