মিন্নির জামিন আবেদনের শুনানি হতে পারে আজ

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন শুনানির কার্যতালিকায় এসেছে।

বৃহস্পতিবার (১১ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

এদিন আদালতে মিন্নির পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট জেড আই খান পান্না, অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান খান ও অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।

এর আগে, গত সোমবার (৮ মে) মিন্নির আইনজীবী মো. শাহীনুজ্জামান জামিন আবেদন করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে একদল যুবক কুপিয়ে হত্যা করে।

আলোচিত সেই হত্যা মামলায় ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

একই বছরের ৪ অক্টোবর ছয় আসামির মৃত্যুদণ্ডের আদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়।

৬ অক্টোবর মিন্নিসহ অন্য আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন।

এই হত্যাকান্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী, আল

কাইয়ুম ওরফে রাব্বী আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খাঁন হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান ও আয়শা সিদ্দিকা মিন্নি।

খালাস পান মো. মুসা (পলাতক), রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর ও কামরুল ইসলাম সাইমুন।

আরও পড়ুন :

এন এ এন টিভি