রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাটিবাহী ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে প্রণয় সরকার (২৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত।
শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া মেলার মাঠের সামনে (জামালপুর-কোলারহাট) সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রণয় সরকার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের পরিতোষ সরকারের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রণয়ের চাচা রমা প্রসাদের বিয়ের বৌভাতের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের জন্য প্লাস্টিকের ওয়ানটাইম গ্লাস আনতে তিনি মোটরসাইকেলে করে বাড়ি থেকে জামালপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় জামালপুর-কোলারহাট সড়কের নলিয়া মেলার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রণয়। তার আকস্মিক মৃত্যুতে বিয়ে বাড়ির উৎসব মুহূর্তেই পরিণত হয় শোকে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক চালক ট্রলি নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ হামজা শেখ/ এনএএন টিভি
