সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাপের কামড়ে আলো শেখ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চরমুগডোবা গ্রামের খিদির শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে আলো শেখ বাড়ির পাশে বাদাম ক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে যান। বিকাল ৪টার দিকে মাঠ থেকে মাথায় ঘাস বোঝাই করে ফেরার পথে একটি বিষাক্ত সাপ তাকে কামড়ায়।

অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে স্থানীয়ভাবে পরিচিত ওঝার কাছে নিয়ে যান। ওঝা ঝাড়ফুঁক করে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। তবে সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মো. আখতারুজ্জামান জানান, সাপে কামড়ে আনা হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মো. জাহাঙ্গীর হোসেন আলো শেখকে মৃত ঘোষণা করেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card