সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কোন্দানালা ও দাড়াখাই সেতুর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
নিহত তাহফিমুল হাসান আবির শান্তিগঞ্জ উপজেলার হলদারকান্দি গ্রামের মো. আমির হোসেনের ছেলে। সে জগন্নাথপুর স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।
পরিবারের সাথে জগন্নাথপুর পৌরশহরে থাকতো আবির। তার বাবা জগন্নাথপুর বাজারের লাইব্রেরি ব্যবসায়ী ও মা স্কুল শিক্ষিকা সুলতানা জাহান নীলা।
পুলিশ জানায়, আবির ও তার চাচা আবু তালেব মোটরসাইকেলযোগে নিজ গ্রাম হলদারকান্দি থেকে জগন্নাথপুরের উদ্দেশ্যে আসার সময় কোন্দানালা ও দাড়াখাই সেতুর মধ্যবর্তী স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাঁধে। এতে আবির ও তালেব আহত হন।
এসময় ঘটনাস্থল থেকে গুরুতর আহত আবিরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ইতোমধ্যে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আহত আবু তালেবকে প্রাথমিক চিকিৎসা শেষে জগন্নাথপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। বর্তমানে মরদেহ জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের হিমাগারে রাখা আছে।
