সৈয়দপুরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া নর্দান হাফ ম্যারাথন

নীলফামারীর সৈয়দপুরে  নর্দান হাফ ম্যারাথন প্রতিযোগিতা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৫টা এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। আন্তর্জাতিক  এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ম্যারাথনস এন্ড ডিসটেনস রেসেস (এআইএমএস) সনদপ্রাপ্ত ২১ দশমিক এক  কিলোমিটার এ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেন প্রায় একহাজার দৌঁড়বিদ। এর মধ্যে নারী-শিশুরাও ছিল।  সৈয়দপুরের চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. কামরুল হাসান সোহেলের উদ্যোগে ৩য় বারের মতো ম্যারাথনটি আয়োজন করে সৈয়দপুর রানার্স নামের একটি সংগঠন।
সৈয়দপুর শহরের উপকণ্ঠে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের সোনাপুকুরে বাঁশি বাজিয়ে প্রতিযোগিতার সূচনা করেন ম্যারাথন দৌড় প্রতিযোগিতার রেস মার্শাল আমানুল হক আমান। এর আগে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এছাড়াও এ ইভেন্টে অংশ নেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মর্তুজা আল মুঈদ, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব মীর্জা আরিফ বেগ।
গ্রামীণ সড়কে আয়োজিত এই নর্দান হাফ ম্যারাথনে বিদেশি ৬ নাগরিক সহ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় থেকে আগত  নানা বয়সী ও পেশার নারী-পুরুষ অংশ নেন। দৌড় প্রতিযোগিতা দেখতে এলাকার সব বয়সী মানুষ রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। তারা হাত উঁচিয়ে করতালি দিয়ে অংশগ্রহণকারীদের উৎসাহ জোগান।
আয়োজকরা জানিয়েছেন, দৌঁড় প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে  আসা ১ হাজার  প্রতিযোগী নিবন্ধন করেছেন। ম্যারাথনে অপেক্ষাকৃত কম দূরত্বে নারী শিশু এমনকি বৃদ্ধরাও অংশ নেয়।  ২ কিলোমিটার,  ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ২১ কিলোমিটার চারটি ধাপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
শিক্ষার পরিবেশে ম্যারাথন আয়োজন এর লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে ৪০০  স্বেচ্ছাসেবী কাজ করেছে। সেই সাথে নীলফামারীর সৈয়দপুর ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসন সহযোগিতা করেছে বলে জানান সৈয়দপুর রানারের অ্যাডমিন ও রেস ডিরেক্টর কামরুল হাসান সোহেল ।
ওমর ফারুক, নীলফামারী