স্ত্রীকে ইভ টিজিংয়ে বাধা দেওয়ায় প্রাণ গেলো স্বামীর

রাজধানীর বংশাল থানার চানখাঁরপুল মোড়ে স্ত্রীকে ইভ টিজিংয়ে বাধা দেওয়ায় পলিন (১৯ ) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার (১০ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পলিনের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার সোহাগপুর গ্রামে।

তার বাবার নাম বুলবুল আহমেদ। পলিন স্থানীয় আওয়াল কমিশনারের পানির ফ্যাক্টরিতে কাজ করতেন বলে জানা গেছে।

পলিনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী সেলিম বলেন, পলিন আমার এলাকার বড় ভাই।

আজ রাত ১০টার দিকে পলিনভাই তার স্ত্রীকে নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। এমন সময় রাস্তায় আব্দুল্লাহ ও ফয়সাল নামে দুই বখাটে ছেলে ভাবিকে দেখে বিরূপ মন্তব্য করেন।

এতে পলিন ভাই রেগে গিয়ে ওই ছেলেদের চড়-থাপ্পড় মারেন।

পরে ভাবিকে বাসায় পৌঁছে দিয়ে রাত ১১টার দিকে হেঁটে চানখাঁরপুল মোড় দিয়ে যাওয়ার সময় আব্দুল্লাহ ও ফয়সাল পলিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ১১টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের ভাই অনিক বলেন, আমি খবর পেয়ে ঢাকা মেডিক্যালে এসে দেখি আমার ভাই আর নেই। সামান্য বিষয় নিয়ে আমার ভাইকে তারা কুপিয়ে হত্যা করল।

আমি জানতে পেরেছি আব্দুল্লাহ ও ফয়সাল নামে দুই যুবক আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

আমরা বিষয়টি বংশাল থানায় জানিয়েছি। বংশাল থানা পুলিশ হত্যার তদন্ত করছে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি