স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিতে ফরিদপুরে অবস্থান কর্মসূচি

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগ বিধি সংশোধন, গ্রেড উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতসহ ছয় দফা দাবির দ্রুত বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার ( ৮ জুলাই ) , ১০:৩০ মিনিটে ফরিদপুর সিভিল সার্জন অফিসের সামনে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সহকারীরা তাদের দাবিগুলোর মধ্যে প্রধান হিসেবে উল্লেখ করেন-

১. নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক/সমমান শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান,
২. চাকরিরতদের জন্য ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের ব্যবস্থা,
৩. ডিপ্লোমা সম্পন্নকারীদের ১১তম গ্রেডে উন্নীতকরণ,
৪. টেকনিক্যাল পদমর্যাদায় অন্তর্ভুক্ত করে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান,
৫. পেশাগত নিরাপত্তা, ন্যায্য সুযোগ-সুবিধা এবং পদোন্নতির স্পষ্ট নীতিমালা প্রণয়ন,
৬. দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময়সীমা ঘোষণা।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য সহকারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু এখনো তাদের চাকরির সঠিক কাঠামো, মর্যাদা ও বেতন গ্রেড নিশ্চিত হয়নি। তারা বলেন, নিয়োগবিধি যুগোপযোগী না হওয়ায় নতুন ও পুরাতন স্বাস্থ্য সহকারীদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে, যা অবিলম্বে দূর করতে হবে।

বক্তারা আরও জানান, সরকারের ঘোষণার পরও প্রতিশ্রুত পরিবর্তন বাস্তবায়নে দীর্ঘসূত্রতা চলায় তারা বাধ্য হয়ে মাঠে নেমেছেন। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক স্বাস্থ্য সহকারী অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেন। এর আগে সিভিল সার্জন ফরিদপুর ও জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়।

 

শরিফুল ইসলাম / এনএএন টিভি