চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি চালিয়ে মো. সেলিম (৪২) নামের যুবদলের এক কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশান ভট্ট এলাকায় ঘটে এ ঘটনা।

নিহত সেলিম কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শমসের পাড়ার বাসিন্দা। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন বলে জানা গেছে।

নিহতের মামা মো. রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন ‘সেলিম ইসলামিয়া নতুনপাড়া এলাকায় নতুন বাড়িতে থাকতেন পরিবার নিয়ে ।

পুরাতন বাড়ি শমশের পাড়ায় এলাকার একজন মুরব্বির জানাজায় আসেন। বেলা ১১ টায় জানাজা শেষে স্ত্রীকে পেছনে বসিয়ে নিজের নতুন বাড়ি ইসলামিয়া নতুনপাড়ায় ফিরছিলেন। তিনি ঈশান ভট্টের হাট থেকে পরিবারের জন্য ওষুধ কেনেন। বাড়ি ফেরার পথে দক্ষিণ পার্শ্ব থেকে একটি সিএনজি অটোরিকশায় আসা ৫ জনের কালো মুখোশ পরিহিত অস্ত্রধারী তাকে লক্ষ্যে করে গুলি করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

 

এনএএন টিভি