কঠোর রোদের পর মুষলধারে বৃষ্টি ঢাকাতে

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় থাকার মধ্যেই ঢাকায় হয়ে গেল মুষলধারে বৃষ্টি।

বিকেল ৪টার পর হঠাৎই মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। এরপরই শুরু হয় বর্ষণ, যা এখনও চলছে।

গত কয়েক দিন ঢাকার আকাশ মেঘলা ছিল, হয়েছে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টি।

আজ (বুধবার) সকাল থেকেই রোদের দেখা মিলেছিল।

কিন্তু বিকেলের দিকে হঠাৎই রূপ পাল্টে ফেলে ঢাকার আকাশ।

সকাল ৯টার দিকে আবহাওয়া অফিসের সর্বশেষ আপডেটে জানানো হয়,

রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ,

খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসেও এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়।

এদিকে বিকেলের বৃষ্টিতে বিড়ম্বনায় পড়েছেন ঘরেফেরা মানুষ।

অফিস থেকে বের হতে গিয়ে কেউ কেউ আটকে পড়েছেন, কেউবা রাস্তায় বেরিয়ে বিড়ম্বনায় পড়েছেন।

এ সময় অনেককেই বৃষ্টিতে ভিজে গন্তব্যে ফিরতে দেখা গেছে।

হঠাৎ বৃষ্টিতে রাজধানীতেও বেড়েছে যানজট।

বিকেলের এ সময় এমনিতেই সড়কে গাড়ির চাপ বেশি থাকে, তার মধ্যে বৃষ্টি যানজটের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

সড়কের অধিকাংশ জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের কয়েকটি জেলায় তীব্র ঝড়ের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

এতে বলা হয়, সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা,

চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

আরও পড়ুন :

এনএএনটিভি