খুলনার সোনাডাঙ্গায় টাকার জন্য বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলের স্ত্রীও জড়িত বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের বসুপাড়া বাঁশতলায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত লিটন খান (৪৫) মাছ ফেরি করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর ছেলে আবু বকর লিমন ও লিমনের স্ত্রী চাঁদনী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর তাঁরা দুজনই পলাতক।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সম্প্রতি লিটন খান একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। ওই টাকা থেকে ছেলে লিমন ২০ হাজার টাকা দাবি করছিলেন। কিন্তু লিমন নেশাগ্রস্ত হওয়ায় লিটন টাকা দিতে অস্বীকৃতি জানান। বৃহস্পতিবার রাতে স্ত্রী বাড়িতে না থাকায় লিটন একাই ছিলেন। এ সুযোগে লিমন ও তাঁর স্ত্রী পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটান। প্রথমে তাঁরা শ্বাসরোধে লিটনকে অচেতন করেন এবং পরে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন। হত্যার পর তাঁরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং হত্যায় ব্যবহৃত ধারালো বঁটি জব্দ করে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ওসি কবির হোসেন বলেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, লিটনের ছেলে লিমন ও তাঁর স্ত্রী চাঁদনী হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

One Reply to “ঘরে পড়ে ছিল বাবার গলা কাটা লাশ, ছেলে-পুত্রবধূ পলাতক”
Comments are closed.