নেত্রকোনা দুর্গাপুরে আগুনে ৪ দোকান পুড়ে ছাই

নেত্রকোনা দুর্গাপুরে আগুনে বাজারের চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে নেত্রকোনা উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাজারের একটি কনফেকশনারি দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়।

নেত্রকোনা

পরে স্থানীয়রা টের পেয়ে অন্যান্য লোকজন নিয়ে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

ততক্ষণে আগুনে ওই বাজারের একটি ফার্মেসি, একটি কনফেকশনারি দোকান, একটি সেলুন, একটি চা দোকান ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

কনফেকশনারির দোকান মালিক জুবায়ের হোসেন জানান, দোকান থেকে বাড়ি কিছুটা দূরে।

তাই তালা দিয়ে বাড়ি চলে যান ১২ টার আগেই। কিন্তু রাতে হঠাৎ বাজার থেকে কেউ একজন মোঠোফেনে কল দিয়ে বলেন, দোকানে আগুন লেগেছে।

তিনি বলেন, ‘খবর শুনে দৌড়ে বাজারে গিয়ে দেখি সবকিছু আগুনে পুড়ে গেছে। কোনো মালামাল সরাতে পারিনি।’

বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে চারটি দোকানের ২০ লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। টহল পুলিশ আছে ঘটনাস্থলে।

ওসি আরও বলেন, এ অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: