লালমনিরহাটের পাটগ্রাম আঙ্গরপোতা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত রবিউল ইসলাম টুকলুর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।
রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোরে মরদেহ হস্তান্তর করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন,
নিহত রবিউলের মরদেহ ভারতীয় পুলিশ ময়নাতদন্ত শেষে বিএসএফের মাধ্যমে দুই দেশের পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করে।
মরদেহ গ্রহণের পরপর নিহত রবিউলের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় রবিবার বিকেলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
উল্লেখ্য, রবিবার ভোর ৪টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপি সীমান্তের ১নং মেইন পিলারের কাছাকাছি ভারতীয় অংশে বিএসএফের একটি টহল দলের গুলিতে নিহত হন রবিউল।
পরে বিএসএফের সহযোগিতায় কোচবিহারের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
গুলিতে নিহত রবিউল ইসলামের বাড়িতে চলছে শোকের মাতম।
