নীলফামারীতে বিট পুলিশিং সভা ও সচেতনতামূলক পালাগান অনুষ্ঠিত

টুপামারী ইউনিয়নের নাগরিক সমাজ ও নীলফামারী জেলা পুলিশের আয়োজনে সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে নীলফামারী সদর উপজেলার টুপামারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং সভা ও সচেতনতামূলক পালাগান।
বৃহস্পতিবার  (২৩ অক্টোবর) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলে এ আয়োজন। ‘হেলমেট পরে গাড়ি চালান, গতি কমিয়ে প্রাণ বাঁচান’—এই মূল স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনগণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
নীলফামারী প্রেসক্লাবের অন্যতম সদস্য সাংবাদিক আরিফের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) পিপিএম (সেবা) ফারুক আহমেদ। এছাড়াও বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ট্রাফিক পুলিশের সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বক্তারা বলেন, সমাজে ক্রমবর্ধমান মাদকাসক্তি, বাল্যবিবাহ, কিশোর গ্যাং সংস্কৃতি ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পুলিশের একার পক্ষে এসব সামাজিক ব্যাধি নির্মূল সম্ভব নয়—এর জন্য দরকার জনসম্পৃক্ততা ও পারিবারিক সচেতনতা।
তারা আরও বলেন, দুর্ঘটনা কমাতে মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট ব্যবহার এবং গাড়ির গতি সীমিত রাখতে হবে। সড়কে সচেতনতা মানেই নিজের ও অন্যের জীবন রক্ষা করা।
সভা শেষে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক পালাগান, যেখানে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সামাজিক সচেতনতার নানা দিক তুলে ধরা হয়। পালাগানে উপস্থিত দর্শক-শ্রোতারা মাদকবিরোধী ও মানবিক বার্তাগুলো গভীর আগ্রহে উপভোগ করেন।
বক্তব্য ও সাংস্কৃতিক আয়োজনের সমন্বয়ে গঠিত এ সভা জনমনে ব্যাপক সাড়া ফেলে। স্থানীয়রা আশা প্রকাশ করেন—এ ধরনের সচেতনতা কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক জাগরণ সৃষ্টি করবে।
ওমর ফারুক/এনএএন টিভি

Share this news as a Photo Card