টিকা নিতে গিয়ে প্রাণ গেল নানী ও ১৪ দিনের নবজাতকের

রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোঃ আব্দুস ছাত্তার খানের স্ত্রী মোছাঃ সুর্য খাতুন (৫৫) তার নবজাতক নাতনী মোছাঃ সামিয়া আক্তারকে (১৪ দিন বয়স) টিকা দিতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে দ্রুতগতির একটি মালবাহী পিকআপ ভ্যান তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নবজাতক সামিয়ার মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় সুর্য খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই পিকআপচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতদের বাড়ি উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটি বাড়ি বাজার সংলগ্ন এলাকায়। নিহত নবজাতকের পিতা মোঃ বাবুল হোসেন।
একসাথে নানী ও নাতনীর এমন মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।