নেত্রকোনার বারহাট্টায় সোহেল মিয়া (২৫) নামে এক ইজিবাইক চালকের সঙ্গে টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেছেন এক গৃহবধূ (৩০)। ১০ দিন ধরে পলাতক থাকলেও তাদের উদ্ধার করতে পারেনি পুলিশ।
ওই গৃহবধূ উপজেলার চন্দ্রপুর গ্রামের একটি চায়ের দোকানের মালিকের স্ত্রী। তাদের ১৩ বছর বয়সী একটি ছেলে রয়েছে। আর ইজিবাইক চালক সোহেল মিয়া একই উপজেলার দারিয়াপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে।
এ ঘটনায় স্ত্রী ও পালিয়ে যাওয়া ইজিবাইজ চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় অভিযোগ দিয়েছেন ওই চায়ের দোকানদার।
গৃহবধূর স্বামীর অভিযোগ, বাড়ির পাশে আমার একটি চায়ের দোকান রয়েছে। পাশাপাশি ওই দোকানে নানা মনোহারি জিনিসপত্রও বিক্রি করি। আমার স্ত্রী আমাকে দোকানের কাজে সহায়তা করত। সোহেল মিয়া আমার একটি ইজিবাইক ভাড়ায় চালাত। সেই সূত্রে সে আমার দোকানে নিয়মিত আসত। ফলে গোপনে হয়তো আমার স্ত্রীর সঙ্গে সোহেলের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। বিষয়টি আমি টের পাইনি।
তিনি বলেন, ২৩ নভেম্বর সকালে দোকানে থাকা দুই লাখ টাকা নিয়ে আমার স্ত্রী ইজিবাইক চালক সোহেলের সঙ্গে পালিয়ে যায়। এ সময় আমি ঘুমিয়েছিলাম। ওই টাকা একটি এনজিও থেকে ঋণ তুলে দোকানে রেখেছিলাম। দুপুরে ঘুম থেকে উঠে স্ত্রীকে না পেয়ে খুঁজতে থাকি। কোথাও না পেয়ে কল করে তার মোবাইল বন্ধ পাই। পরে জানতে পারি তারা পালিয়ে গেছে। এ ঘটনায় ২৮ নভেম্বর থানায় অভিযোগ করি কিন্তু এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি।
বারহাট্টা থানার ওসি মো. লুৎফুল হক বুধবার বিকালে বলেন, অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
