টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে নগদ অর্থসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গতকাল সোমবার রাত ৯টার দিকে কলেজ রোডের দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো—মিতু ফ্যাশন, জারিন ফ্যাশন ও এভরি ডে ফ্যাশন। খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাজারের ব্যবসায়ী ও পুলিশ সদস্যরাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো রাত ৯টার মধ্যে তাঁরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বাড়িতে পৌঁছানোর পর মুঠোফোনে দোকানে আগুন লাগার খবর পেয়ে দ্রুত বাজারে ফিরে আসেন। এসে দেখেন, ফায়ার সার্ভিস, ব্যবসায়ী ও পুলিশ আগুন নেভানোর চেষ্টা করছে।
নাগরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।’
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পর্যাপ্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে ফোন করি এবং থানা পুলিশকে জানাই। সবার প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’
