ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর এলাকায় অবস্থিত দুটি দোকান বুধবার ভোরে আগুনে পুড়ে গেছে। এ সময় দোকানে থাকা বিভিন্ন ধরনের লোহার যন্ত্রাংশ আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত দুই দোকান মালিকরা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন- দোহার উপজেলার শ্রীকৃষ্ণপুর এলাকার মো. আলাউদ্দিন ও নবাবগঞ্জ উপজেলার কলাকোপা মধনগরের বাপ্পী মন্ডল।
স্থানীয় ইউপি সদস্য ও ব্যবসায়ী ফরিদ হোসেন বলেন, হঠাৎ আগুন আগুন শব্দ শুনে ঘর থেকে বের হই। পরে দেখি আমার বাড়ির বিপরীত পাশে অবস্থিত মায়ের দোয়া মের্সাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ ও আলাউদ্দিন ওয়ার্কসপে আগুন লেগেছে।
দোহার ফায়ার সার্ভিসের কর্মকর্তা তামিম হাওলাদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দেন।
