বান্দরবানে রুমা উপজেলায় রাতের আঁধারে উপজেলা মসজিদ ঘেরাও করে মুসল্লিদের মোবাইল ফোন ছিনতাই, আনসার ও পুলিশের অস্ত্র ও গুলি লুট, সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনা ঘটেছে। এদিকে এই ঘটনায় সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণের অভিযোগ ওঠেছে।
রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) মো. দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮.৪০ এর দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে পার্বত্য এলাকার আঞ্চলিক সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফন্ট (কেএনএফ) এর বিরুদ্ধে।
রুমা বাজারের প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, রুমা বাজার জামে মসজিদে তারাবিহ’র নামাজ চলাকালীন কেএনএফ-এর সশস্ত্র সদস্যরা মসজিদ এবং বাজার ঘেরাও করে। এসময় কেএনএফ সদস্যরা নামাজ চলাকালীন মসজিদের ভেতর থেকে সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে ধরে ব্যাংকে নিয়ে যায়। কেএনএফ সদস্যরা ব্যাংকের ভল্টে ভাঙচুর চালিয়ে দুই কোটি টাকা, ম্যানেজার নিজাম উদ্দিন এবং ব্যাংকের নিরাপত্তার দায়িত্ব থাকা ৬ পুলিশ সদস্য ও ৪ আনসার সদস্যের ১০টি আগ্নেয়াস্ত্র নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তাকর্মীরা টহল কার্যক্রম জোরদার করে ঘটনাস্থল ঘিরে রেখেছে।
