বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার ৬৭ নম্বর আসামি অমল গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলার ৬৭ নম্বর আসামি অমল (৩৮) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত অমল মাসদাইল এলাকার বাসিন্দা এবং বাদলের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) রাতে ফতুল্লার মাসদাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত ৬৭ নম্বর আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, অমল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় নাম অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মামলার তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের এক কর্মকর্তা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্ত শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে।
এদিকে অমল গ্রেফতার হওয়ার খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। স্থানীয়রা অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করার দাবি।