৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বার জব্দ এবং স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আটক করা হয়।

আটক স্বর্ণ ব্যবসায়ী হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর এলাকার আব্দুল মান্নানের ছেলে কামরুজ্জামান (২৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর পরিদর্শক পারভিন আক্তার জানান, শনিবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী সরকারি কলেজের সামনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালায়।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে কামরুজ্জামান নামের এক ব্যক্তি গোদাগাড়ীতে স্বর্ণ বিক্রির উদ্দেশ্যে ইজিবাইকে আসছিলেন। এরপর তার কাছে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে আটটি স্বর্ণের বার জব্দ করা হয়। এরপর গোদাগাড়ী থানা পুলিশে খবর দেওয়া হয়।

এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, কামরুজ্জামানকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।

Share this news as a Photo Card