দুর্গাপূজা সামনে রেখে প্রতিবছরের মতো চলতি বছরও ভারতে ইলিশ রফতানির অনুমতি দেবে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণলায়ের রফতানি শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে এবারও ইলিশ রফতানির অনুমোদন দেয়া হবে।
তবে কী পরিমাণ অনুমোদন দেয়া হবে সেটি চূড়ান্ত হয়নি।
ইলিশ রফতানি অনুমোদন চেয়ে এরই মধ্যে প্রায় ১০০ প্রতিষ্ঠান আবেদন করেছে জানিয়ে তিনি বলেন,
প্রতিষ্ঠানগুলোকে কী পরিমাণ ইলিশ রফতানির অনুমোদন দেয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
আবেদন যাচাই-বাছাই শেষে ১৫ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও বলেন, গতবার যেসব প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হয়েছিল তাদের মধ্যে অনেকে নির্ধারিত পরিমাণ মাছ রফতানি করতে পারেনি।
মাছ রফতানির বিষয়টি মূলত দেশে কী পরিমাণ মাছ ধরা পড়েছে সেটির ওপর নির্ভর করে।
তাই প্রতিষ্ঠানের সক্ষমতা দেখে অনুমতি দেয়া হবে।
উল্লেখ্য, গত বছর ৪৯টি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫০ মেট্রিক টন করে মোট ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয়া হয়েছিল।
এদিকে ইলিশ রফতানির শর্তে বলা হয়েছে, রফতানি নীতি ২০২১-২০২৪-এর বিধিবিধান অনুসরণ করতে হবে;
শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রফতানি করা পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে;
প্রতিটি কনসাইনমেন্ট শেষে রফতানি সংক্রান্ত কাগজপত্র রফতানি-২ অধিশাখায় দাখিল করতে হবে; অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ পাঠানো যাবে না।
স্বাদ ও গন্ধে ভারতে বাংলাদেশি ইলিশের চাহিদা অনেক বেশি। ইলিশ উৎপাদনে বিশ্বের শীর্ষে রয়েছে বাংলাদেশ।
প্রতিবছর পাঁচ লাখ মেট্রিক টনের বেশি ইলিশ উৎপাদিত হয় বাংলাদেশে।
আরও পড়ুন :
