বাজারে পণ্যের মান ও পরিমাপে ঠিক দেয়া হচ্ছে কি না–যাচাই অভিযানে মিরপুর এলাকার শাহআলী সিটি করপোরেশন মার্কেটের ফল
ও মাছে কোনো ফরমালিন পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
শনিবার (২৫ মার্চ) সকালে মিরপুরের শাহ আলী মার্কেটে এ অভিযান পরিচালনা করে সংস্থাটি।
এ সময় বিএসটিআই জানায়, মিরপুর এলাকার শাহআলী সিটি করপোরেশন মার্কেটের ফল ও মাছে কোনো ফরমালিন নেই।
বাজার থেকে নমুনা সংগ্রহ করে জনসম্মুখে পরীক্ষা শেষে এমন ঘোষণা দিয়েছে বিএসটিআই।
এর আগে বিএসটিআইয়ের উপপরিচালক মো. রিয়াজুল হক বলেন, বেলা ১১টার দিকে শাহআলী মার্কেটে অভিযান শুরু করা হয়।
প্রথমে খোলা মসলা বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানের মসলা বিএসটিআই ল্যাবে পরীক্ষা করার জন্য সংগ্রহ করা হয়।
পরীক্ষায় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া অভিযানে বিভিন্ন মুরগি ও অন্যান্য মাংসের দোকানের বাটখারা পরীক্ষা করা হয়েছে।
এতে ওজন সঠিক পাওয়া গেছে ও দোকানে মূল্যতালিকা টানানো ছিল বলে জানান তিনি।
অভিযানে বাজারে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইন মোতাবেক জরিমানা ও
কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে বলেও জানান রিয়াজুল হক।তিনি বলেন, অভিযানে ম্যাজিস্ট্রেট রয়েছেন।
বিএসটিআই আইনে অনিয়ম পাওয়া গেলে অভিযুক্ত প্রতিষ্ঠানকে সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা বা ৪ বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
তবে এ ধরনের অভিযানে ভোক্তারা আশ্বস্ত হলেও বছরজুড়ে এভাবে অভিযান চালানোর দাবি তাদের।
ভোক্তারা বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রমজানের পাশাপাশি সারা বছর সরকারি সংস্থাগুলোকে এ ধরনের অভিযান চালাতে হবে।
রমজানে দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে জানায় বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার।
আরও পড়ুন:

Comments are closed.