হাট-বাজারে ধানের কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ করছেন নওগাঁর চাষিরা।
এবার সার ও কীটনাশকে বাড়তি খরচ হলেও আশানুরূপ দাম না পেয়ে হতাশ তারা।
বরেন্দ্র এলাকা নওগাঁর বিভিন্ন মাঠ থেকে প্রায় ৭০ ভাগ ধান কৃষকের ঘরে উঠে গেছে।
আর সেই ধান ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভ্যানে করে বিক্রির জন্য হাটে নিয়ে যান কৃষকরা।
গত কয়েকদিনে নওগাঁর চোক গৌরী হাটে সরেজমিন পর্যালোচনা করে জানা গেছে, সেখানে জিরা, কাটারি, আটাশ ও সুবলতা জাতের ধানের সরবরাহ বেড়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমজমাট হয় বেচাকেনাও। কিন্তু হাটে শুকনো ধান সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা মণ দরে কিনছেন মিলাররা।
এ হাটে প্রতি মণ জিরাশাল ১ হাজার ২২০ টাকা, কাটারি ১ হাজার ২০০ টাকা,
সুবলতা ১ হাজার ১৫০ টাকা, হাইব্রিড ৯৫০ টাকা এবং পারিজার দাম ১ হাজার ২৬০ টাকা।
ধানের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ এক কৃষক বলেন, সার-কীটনাশকের দাম বেশি।
কিন্তু আমরা সে অনুসারে দাম পাচ্ছি না। কাজেই আমাদের লোকসান হচ্ছে।
তবে মিলারদের দাবি, প্রতিষ্ঠানের বেধে দেয়া দরের বাইরে কেউ ধান কিনতে পারবেন না।
মহাদেবপুরের তিন ভাই ট্রেডার্সের পরিচালক আলতাফ হোসেন বলেন, হাইব্রিড চাল প্রতি মণ ৯০০ টাকা থেকে ৯৫০ টাকা দিয়ে কিনেছি।
এছাড়া কাটারি চালের দাম ১ হাজার ১০০ টাকা থেকে ১ হাজার ২৩০ টাকা পর্যন্ত।
উল্লেখ্য, জেলায় ৫৬টি অটো ও ৫টি করপোরেট প্রতিষ্ঠান ধান কিনে থাকে।
চলতি আমন মৌসুমে জেলায় ১ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে,
যা থেকে সাড়ে ১১ লাখ মেট্রিক টন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
আরও পড়ুন :
- পাইকপাড়ায় গৃহবধূর নৃশংস হত্যার যোগসূত্র মিলেনি এখনও
- আইএমএফ এর সব শর্ত মানতে হবে এমন নয়
- ক্রমাগত বেড়েই চলেছে নারায়ণগঞ্জে তাপমাত্রা
- হিমাগারগুলো তে আলুতে ভরা সত্ত্বেও দাম চড়া

Comments are closed.