বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা মাগুরায় হয়েছে

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা হয়েছে বাজুস মাগুরা জেলা শাখার সদস্যদের। মাগুরা শহরের দিনান্ত ক্লাবে আজ বুধবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা জুয়েলার্স এসোসিয়েশনের আহ্বায়ক বিমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় সহ-সম্পাদক মোহাম্মদ লিটন হাওলাদার, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ রিপনুল হাসান, জুয়েলার্স এসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি রকিবুল ইসলাম সঞ্জয় চৌধুরী। আরও বক্তব্য দেন মাগুরা জুয়েলার্স এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ওহিদুল ইসলাম, হারান ভদ্র, তপন কুমার বিশ্বাস, ইমদাদ খান, সমরেন বৈদ্য, সাধন কর্মকারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, বাজুস কেন্দ্রীয় সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারা দেশে এই সংগঠনটি এখন নতুন করে সংগঠিত হয়েছে। সংগঠনের উপযোগিতা বৃদ্ধি পাওয়ায় সদস্য সংখ্যা ৭ হাজার থেকে ৪০ হাজারে উন্নীত হয়েছে। সায়েম সোবহান আনভীর চান সারা দেশে উপযোগী নীতিমালার আলোকে স্বর্ণ ব্যবসা এমন একটি মানে উন্নীত হোক যেখানে ব্যবসায়ী এবং ক্রেতা সমানভাবে লাভবান হবেন। এ কারণে বসুন্ধরা গ্রুপের প্রচেষ্টায় বাংলাদেশে প্রথমবারের মতো স্বর্ণ প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপিত হচ্ছে। এটির মাধ্যমে স্বর্ণ ব্যবসায় একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। এই কারখানা শুধু দেশের সোনার প্রাপ্তিকে সহজলভ্যই করবে না, বরং বিদেশে স্বর্ণ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জিত হবে। কর্মসংস্থান হবে অসংখ্য মানুষের।
প্রধান অতিথি উপস্থিত স্বর্ণ ব্যবসায়ীদের জুয়েলার্স এসোসিয়েশনের নীতিমালা অনুযায়ী সব ধরনের বৈধতা মেনে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান। পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধানের নির্দেশনা দেন। মতবিনিময় সভা শেষে বাজুস খুলনা বিভাগীয় সভাপতি রকিবুল ইসলাম সঞ্জয় চৌধুরীকে আহ্বায়ক করে মাগুরা জুয়েলার্স এসোসিয়েশনের ৬ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

Share this news as a Photo Card