যখন সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে বুবলী ও শাকিব খানের ছবি ভাইরাল, তখন অপু বিশ্বাস বললেন তার যা বলার তা আগেই বলে রেখেছেন। গতকাল রবিবার সন্ধ্যায় বনানীর একটি রেস্টুরেন্টে সিফাত নুসরাতের নতুন একটি বই উন্মোচনে ব্যস্ত ছিলেন অপু।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন অপু। এ সময় যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর অবকাশ যাপন প্রসঙ্গে অভিনেত্রীকে কিছু বলতে অনুরোধ করা হয়।
অপু বলেন, ‘কী অনুভূতি বলব। মানুষ মানুষকে না-ই চিনতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন, কিন্তু সে মুহূর্তে সিফাতকে না-ও ভালোবাসতে পারেন।
তবে ব্যক্তিগত জীবন নিয়ে অপু বিশ্বাস নিজেই স্মরণ করিয়ে দেন তাঁর ১৫ জুনের একটি ফেসবুক পোস্টের কথা। ওই স্ট্যাটাসেই তিনি জানান—কারো সঙ্গে প্রতিযোগিতায় নামেননি তিনি।
স্ট্যাটাসে অপু লিখেছিলেন, ‘‘আমি একজন মা, একজন অভিনেত্রী, একজন উদ্যোক্তা। আমার জীবন হাজারো দায়িত্বে ঘেরা। আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার সম্পর্ক, আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের সামনেই কেটেছে। এখানে লুকোচুরি নেই, নাটক নেই।’’
তিনি আরো বলেন, ‘‘আমি যেসব মুহূর্ত শেয়ার করি, তা আমার সন্তানের মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যায়, এরপরেই কোনো না কোনোভাবে ‘কাউন্টার প্রচেষ্টা’ শুরু হয়। আমি এই অসুস্থ প্রতিযোগিতায় নেই।’’
অপু বিশ্বাস স্পষ্ট করে জানান—সম্মান অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। এখন তিনি শুধু নিজের কাজ, সন্তান ও ভক্তদের সময় দিতে চান ।
