দীপিকা বিতর্কে কার পক্ষে মুখ খুললেন বিদ্যা বালান

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা কাজ নিয়ে ‘স্পিরিট’ সিনেমা ছেড়ে দেওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। এতে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিতর্ক। সদ্য মা হওয়া দীপিকা ৮ ঘণ্টার বেশি কাজ করতে ইচ্ছুক নন। অন্যদিকে পরিচালকও নিজের সিদ্ধান্তে অনড়। অবশেষে বাধ্য হয়ে সন্দীপের সিনেমা ছেড়ে দিয়েছেন দীপিকা, এই চরিত্রে অভিনয় করার কথা রয়েছে অভিনেত্রী তৃপ্তি দিমরির।

তবে অভিনেত্রী দীপিকা সিনেমা ছেড়ে বেরিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে যতটা না আলোচনা হয়েছে, তার থেকে অনেক বেশি বিতর্ক তৈরি হয়েছে ৮ ঘণ্টার কাজ করা নিয়ে। দীপিকার এ সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন অনেক তারকা। এবার দীপিকার হয়ে কথা বললেন বিদ্যা বালান।

দীপিকার এ সিদ্ধান্তে সমর্থন জানিয়ে অভিনেত্রী কাজল থেকে সাইফ আলি খান, দক্ষিণের রানা দগ্গুবতি থেকে শুরু করে বাংলার প্রিয়াংকা সরকার— প্রত্যেকে নিজেদের মতপ্রকাশ করেছেন। কিন্তু এবার দীপিকাকে সমর্থন করতে গিয়ে যেন একটু অন্য সুরে কথা বললেন বিদ্যা বালান।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেন, ‘মায়েদের কত ঘণ্টা কাজ করা উচিত, এটা যদি আলোচনার বিষয় হয়। তাহলে আমি বলব এটা সম্পূর্ণ ন্যায্য দাবি। প্রতিটি ইন্ডাস্ট্রিতেই এমন একটি ব্যবস্থা থাকা উচিত, যাতে নতুন মায়েদের ক্যারিয়ার নিয়ে কোনো আত্মত্যাগ করতে না হয়।’

তার কথায়, ‘আমি মা হইনি তাই ১২ ঘণ্টা কাজ করতে পারি, আমার কোনো আপত্তি নেই। আমি যে ধরনের সিনেমায় কাজ করি, সেখানে আট ঘণ্টায় কাজ শেষ করা সম্ভব হয় না। আমি যেহেতু মা নই, তাই পৃথিবীর সমস্ত সময় আমার কাছে আছে। তাই আমি ১২ ঘণ্টার শিফটেই কাজ করি।’

উল্লেখ্য, ২০১২ সালে প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিদ্যা বালান। দীর্ঘ তেরো বছরের দাম্পত্য জীবনে তিনি এখনও নিঃসন্তান। ব্যক্তিগত এই বিষয়টি নিয়ে এর আগে তাকে কখনো খোলামেলা আলোচনা করতে দেখা যায়নি। কিন্তু দীপিকার কাজের সময়সীমা নিয়ে তৈরি হওয়া বিতর্কে মন্তব্য করতে গিয়ে বিদ্যার গলায় যেন তার নিজস্ব মাতৃত্বের অপূর্ণতার এক সূক্ষ্ম আক্ষেপ প্রকাশ পেল।

 

এনএএন টিভি