জাপানের সাথে ‌‘ঐতিহাসিক’ বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প

জাপানের সাথে বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাপানের সাথে এই শুল্ক সমঝোতাকে ঐতিহাসিক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, বাড়তি শুল্ক নিয়ে পাঁচ দফা আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় দেশে ফিরে গেছে ভারতের প্রতিনিধি দল।

ওয়াশিংটনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে বাড়তি শুল্কারোপ নিয়ে জাপানের সাথে টানাপোড়েন সমাধানের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে প্রবেশে জাপানের পণ্যে বাড়তি শুল্কারোপের পরিকল্পনা থেকে সরে এসে তা ১৫ শতাংশ করা হয়েছে।বিনিময়ে যুক্তরাষ্ট্রে গাড়ি, ট্রাক, ধান ও কৃষি পণ্য উৎপাদনে ৫৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে জাপান। এতে কর্মসংস্থানের খাত অনেক বিস্তৃত হয়ে দুই দেশই লাভবান হবে বলে আশাবাদী ট্রাম্প।

এর আগে, জাপানের ওপর ৩৫ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়ে বাণিজ্য সমঝোতার প্রস্তাব দিয়েছিলো ট্রাম্প প্রশাসন।

এদিকে, বাড়তি শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রে ধারাবাহিক আলোচনায় ভারত খুব ইতিবাচক অগ্রগতির আভাস দিলেও শেষমেষ কোনো সিদ্ধান্ত হয়নি। গত ২ এপ্রিল ভারতে ২৬ শতাংশসহ বিভিন্ন দেশের ওপর বাড়তি শুল্কারোপে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণায় তোলপাড় পড়ে যায়। বাড়তি শুল্ক কার্যকরে পহেলা আগস্টের সময়সীমার আগে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের, নয়াদিল্লি সফরের কথা থাকলেও অন্তর্বর্তী চুক্তির সম্ভাবনা ক্ষীণ।

এনএএন টিভি