এটাই আমার শেষবারের মতো লাইভে আসা’, কাঁদলেন অভিনেত্রী

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলীর; তিনি বিয়ে করেন পরিচালক অরিন্দম চক্রবর্তীকে। প্রথমে সবকিছু ঠিক থাকলেও পরে তাদের সম্পর্কে নানা সমস্যা দেখা দিতে শুরু করে।

দাম্পত্য কলহ এখন টক অব দ্য টাউন। সম্প্রতি স্বামীর পরকীয়া হাতেনাতে ধরার অভিযোগ এনেছেন অভিনেত্রী। যে ঘটনা সাড়া ফেলে দেয় শোবিজ অঙ্গনে। এরপর রিয়ার অভিযোগ, পরকীয়া ধরে ফেলায় তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন তার স্বামী অরিন্দম চক্রবর্তী।

এরপর রিয়ার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ আনেন স্বামী অরিন্দম। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, যদি রিয়া প্রমাণ করতে পারেন তিনি অন্য নারীর সঙ্গে সহবাস করছেন, তাহলে তিনি সরকারি চাকরি ছেড়ে দেবেন! শুধু তাই নয়, রিয়ার বিরুদ্ধে অরিন্দমের অভিযোগ, তার স্ত্রী নাকি ইচ্ছাকৃতভাবে তার মাকে অসুস্থ করেছেন! এছাড়াও, রিয়ার বিদেশি এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতার কথাও সামনে আনেন অরিন্দম।

সেসব নিয়েই এবার লাইভে এসে অনুরাগীদের সঙ্গে কথা বললেন রিয়া। অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘এটা হয়তো আমার শেষবারের মতো লাইভে আসা। আমিও চেয়েছিলাম দুটো পরিবার একসঙ্গে আলোচনায় বসে শান্ত ভাবে, ঠান্ডা মাথায় এটা মিটে যাক। আজ থেকে ১২ বছর আগে পথচলা শুরু করেছিলাম। তখন আমাদের মধ্যে যে সম্মান, ভালোবাসা ছিল, সেটা এখন নেই।’

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রিয়া অরিন্দমের দাম্পত্য কলহ মিডিয়ার শিরোনামে উঠে এসেছে বার বার। জানা গেছে, এই মুহূর্তে দুজনেই আইনি পথে এগোচ্ছেন। রিয়া ও অরিন্দম দুজনেই দাবি করেছেন, তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যা আদালতে পেশ করা হয়েছে। এখন দেখার বিষয়, এই বিতণ্ডার শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। কে সত্য বলছেন, তার ফয়সালা হবে আদালতেই।

 

এনএএন টিভি