সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ঘুরছে বলিউড বাদশাহ শাহরুখ খান ও তার ছেলে আরিয়ান খানের যুগল কিছু মুহুর্ত। ছেলে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ প্রজেক্টের প্রচারে হাজির হয়েছিলেন শাহরুখ খান, আর তাতেই ফের শোরগোল।
নেটফ্লিক্সের আয়োজিত ওই অনুষ্ঠানে হাজির হয়েই দর্শক-ভক্তদের মন আবারও জয় করলেন কিং খান। সিরিজ প্রিভিউ প্রকাশের পর থেকেই আরিয়ানকে অনেকেই বাবার মতো ‘কপিক্যাট’ আখ্যা দিয়েছেন। তবে মঞ্চে শাহরুখ জানালেন, এই কাজের পেছনে ছেলের অনেক পরিশ্রম রয়েছে। সেইসঙ্গে নিজের বলিউড জীবনের কিছু স্মৃতিও ভাগ করে নিলেন সবার সঙ্গে। মজা করতেও ছাড়লেন না। জানালেন, জাতীয় পুরস্কার নিতে তার একটা হাতই যথেষ্ট।
ছেলের এ অভিষেক নিয়ে শাহরুখ খান বলেন, ‘আরিয়ান তার গল্পকে যেভাবে সাহসের সঙ্গে ফুটিয়ে তুলেছে, সেটি গর্বের ব্যাপার। এই গল্পে যেমন তীক্ষ্ণতা আছে, তেমনি আত্মসচেতনতা। আমি বিশ্বাস করি, দর্শকেরা এর ভেতরের আবেগের সঙ্গে যেমন যুক্ত হবেন, তেমনি উপভোগ করবেন এর স্টাইলও।’
‘কিং’ ছবির শুটিং চলাকালীন কাঁধের মাংসপেশিতে আঘাত পান অভিনেতা। এরপর দ্রুত তাঁকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয় চিকিৎসার জন্য। চোটের কারণে ছবির শুটিং মাঝপথে বন্ধ রেখে আপাতত এক মাসের বিরতি নিয়েছেন তিনি। ট্রেলার অনুষ্ঠানে শাহরুখ খান মজার ছলেই বললেন, ‘জাতীয় পুরস্কার তুলতে আমার এক হাতই যথেষ্ট। এক হাতে অনেক কিছু করা যায়—খাওয়া, দাঁত মাজা কিংবা চুলকানো। তবে আপনাদের দেওয়া ভালোবাসা জমা করতে দুই হাতও যথেষ্ট নয়।’
এই আঘাতের মধ্যেই এসেছে শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান। ৩৩ বছরের অভিনয়জীবনে এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন তিনি। ‘জওয়ান’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগাভাগি করেছেন ‘টুয়েলভথ ফেল’-এর অভিনেতা বিক্রান্ত ম্যাসির সঙ্গে।
