চীনে ইরানের তেল সরবরাহের অভিযোগে তিনজন ব্যক্তি ও ৯টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইরান থেকে চীনে তেল পরিবহনে সহায়তার অভিযোগে নতুন করে বেশ কয়েকটি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। মঙ্গলবার (১২ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, সোমবার (১১ মে) তিনজন ব্যক্তি ও নয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে চারটি হংকংভিত্তিক, চারটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এবং একটি ওমানভিত্তিক প্রতিষ্ঠান রয়েছে।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বলছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান আইআরজিসি’কে তাদের তেল চীনে রফতানিতে সহায়তা করেছে। এজন্য তারা একাধিক ফ্রন্ট কোম্পানি ব্যবহার করে অর্থনৈতিক লেনদেন ও পরিবহনের ব্যবস্থা করছিল।

এর আগে, গত শুক্রবারও, ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত অস্ত্র ও যন্ত্রাংশ কেনায় সহায়তার অভিযোগে কয়েকজন ব্যক্তি এবং বেশ কিছু প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

ইউএস স্টেট ডিপার্টমেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের অবৈধ তেল বাণিজ্য ও রফতানি ব্যবস্থার সঙ্গে জড়িত একটি নেটওয়ার্ক এবং আইআরজিসি’র তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন প্রশাসন জানায়, এই নেটওয়ার্কটি ইরানের পক্ষে বিদেশি ক্রেতাদের কাছে তেল বিক্রি ও পরিবহনের কাজ করছিল। আর আইআরজিসির শাহিদ পুরজাফারি অয়েল হেডকোয়ার্টারের ওই তিন কর্মকর্তা এসব অবৈধ লেনদেন সমন্বয় করতেন।

ওয়াশিংটনের দাবি, এসব তেল থেকে অর্জিত অর্থ ইরান সরকার তাদের জনগণের কল্যাণে ব্যয় না করে বরং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী ও সামরিক কার্যক্রমে ব্যবহার করছে। এতে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলার সক্ষমতা বাড়ছে।