দুই জা’র ঝগড়ায় অতিষ্ঠ দুই ভাই, হত্যা করে জঙ্গলে পুঁতলো লাশ

ভারতের ঝাড়খণ্ডের গুমলা জেলায় নিজেদের স্ত্রীদের হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। দুই নারীর মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে ক্ষুব্ধ হয়ে তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হত্যার পর অ্যাম্বুলেন্সে করে মরদেহ পাশের সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটিচাপা দেওয়া হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানায়, অভিযুক্ত দুই ভাইয়ের নাম শিবশঙ্কর সাহু ও নবীন সাহু। তাদের মধ্যে শিবশঙ্কর পেশায় অ্যাম্বুলেন্সচালক। সোমবার তারা নিজেদের স্ত্রী মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারীকে (২০) হত্যা করেন। পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি পাশের জেলার একটি জঙ্গলে নিয়ে মাটিচাপা দেন।

গুমলার পুলিশ সুপার হরিস বিন জামা জানান, দুই নারীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই ভাই ক্ষুব্ধ ছিলেন। তবে হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগে তাদের স্ত্রীরা নিজেদের বিরোধ মিটিয়ে আবারও সম্পর্ক স্বাভাবিক করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার বলেন, ‘মঙ্গলবার প্রথমে দুই ভাই পুলিশকে জানান, তাদের স্ত্রীরা কিছু না বলেই বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তারা হত্যার কথা স্বীকার করেন।’

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে মাটি খুঁড়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ সুপার আরও জানান, সোমবার সকাল ৯টার দিকে নিহত দুই নারীর পরিবারের সদস্যরা তাদের সঙ্গে কথা বলেছিলেন। সে সময় সবকিছু স্বাভাবিক বলেই মনে হয়েছিল তাদের।

হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল এবং মরদেহ বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের বাবা-মা সমেশ্বর সাহু ও তিলেশ্বরী দেবীকেও গ্রেফতার করা হয়েছে।

Share this news as a Photo Card