ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ইরান। শনিবার দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি রাজধানী তেহরানে সাংবাদিকদের বলেন, যাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, তাদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে এবং এই বিচার সকলের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।
তিনি জানান, প্রাথমিকভাবে গ্রেফতার হওয়া ৪০ জনের মধ্যে তদন্ত শেষে ২০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে, গত বুধবার ইরানে রুজবেহ ভাদী নামের এক পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিনি এক সহকর্মী পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরায়েলকে সরবরাহ করেছিলেন, যিনি গত জুনে ইসরায়েলের হামলায় নিহত হন।
জুন মাসে ইসরায়েল ইরানের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায়। সেই হামলায় ইসরায়েলি গুপ্তচরদের সহায়তায় ইরানের একাধিক সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।
দুই দেশের মধ্যে দুই সপ্তাহব্যাপী যুদ্ধ শেষে ইরান দেশব্যাপী গুপ্তচরবিরোধী অভিযান শুরু করে। ইতোমধ্যে অন্তত আটজন অভিযুক্ত গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, তদন্ত শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

One Reply to “ইসরায়েলের ২০ গুপ্তচরকে গ্রেফতার করল ইরান”
Comments are closed.