উত্তর গাজা উপত্যকার জাবালিয়ায় স্থল অভিযান চালানোর সময় ট্যাঙ্ক বিস্ফোরণে তিন ইসরাইলি সেনা নিহত হয়েছেন।
সোমবার (১৪ জুলাই) এ ঘটনা ঘটে। সেনাবাহিনী জানায়, নিহত সেনারা হলেন স্টাফ সার্জেন্ট শোহাম মেনাহেম (২১), সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম (২০) এবং সার্জেন্ট ইউলি ফ্যাক্টর (১৯)।তারা সকলেই ৪০১তম ব্রিগেডের ৫২তম আর্মার্ড কর্পস ব্যাটালিয়নের সদস্য। এই ঘটনায় একজন কর্মকর্তাও গুরুতর আহত হয়েছেন যার নাম প্রকাশ করা হয়নি।ঘটনাটি ঘটেছে গাজার জাবালিয়া এলাকায়। সেখানে স্থানীয় হামাস ইউনিটকে নির্মূল এবং অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে সেনা অভিযান চলছিল। দুপুর নাগাদ ওই ট্যাঙ্কের ভেতর হঠাৎ বিস্ফোরণ ঘটে | এদিকে, সেনাবাহিনী জানিয়েছে যে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনের সংগঠন হামাস জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে চান না।এই তিন সেনার মৃত্যুর পর, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৯৩ জনে। ঘটনাটি আইডিএফের জন্য এক গুরুতর ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গাজার ধ্বংসস্তূপে হামাসের আত্মগোপন ও আক্রমণের কৌশল ইতোমধ্যেই ইসরায়েলি বাহিনীর জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে।
