বাজারে আকাশছোঁয়া দাম রসুনের। কয়েক সপ্তাহ ধরেই ভারতের মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশে রসুনের দাম বৃদ্ধি মধ্যবিত্তদের কপালে চিন্তার রেখা তৈরি করলেও এর ফলে কৃষকেরা যারপরনাই খুশি। তবে আনন্দের পাশাপাশি দুশ্চিন্তাও বেড়েছে তাদের। রসুনের দাম বৃদ্ধি পাওয়ায় মাঠ থেকে রসুন চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ কৃষকদের। চুরি আটকাতে শেষমেশ বন্দুক হাতে ২৪ ঘণ্টা রসুন পাহারা দিতে মাঠেই বসে রয়েছেন কৃষকেরা।
শুক্রবার ভারতীয় একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বন্দুকের ভয়ে আর চোর আসবে না- এই ভরসায় মাঠে রয়েছেন কৃষেকেরা। ভারতের মধ্যপ্রদেশের মঙ্গরোলা গ্রামে বর্তমান দৃশ্য অনেকটাই এরকম।
শুধুমাত্র বন্দুকই ভরসা নয়, কড়া নজরদারি রাখতে ক্ষেতে ক্ষেতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নিজেদের ফসল বাঁচাতে ক্ষেতে ছেড়ে দেয়া হয়েছে কুকুরও। সেই কুকুরও মাঠ পাহারা দিচ্ছে। অপরিচিত কেউ মাঠে এলেই তাদের তাড়া করবে কুকুরগুলো। এর ফলে সুরক্ষিত থাকবে ‘মহামূল্যবান’ রসুনও।
সম্প্রতি মধ্যপ্রদেশের উজ্জয়িনী এলাকার কালালিয়া গ্রামের বাসিন্দা সঞ্জয় শাহের ক্ষেত থেকে চুরি যায় বস্তা বস্তা রসুন। এই ঘটনার পর নিজেদের ক্ষেত নিরাপত্তায় বেষ্টিত করেছেন জীবন সিংহ এবং ভারত সিংহ নামে দুই কৃষক। ক্ষেতে আলাদা করে বসিয়েছেন সিসিটিভি ক্যামেরা। ক্ষেত পাহারা দেয়ার জন্য নিযুক্ত করেছেন এক রক্ষীকেও। রক্ষীর সাথে পাহারা দেয়ার জন্য রয়েছে একটি কুকুর। তবুও ভরসা পাচ্ছেন না তারা । চোর তাড়াতে বন্দুক হাতে মাঠেই বসে পড়েছেন তারা।
জীবন জানান, গত বছর রসুন যে দামে বিক্রি হয়েছে চলতি বছরে তা চার গুণ বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া এবং রসুনের বীজের দাম বৃদ্ধি পাওয়ার কারণে চলতি বছরে রসুনের উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। সেই কারণেই দাম বৃদ্ধি পেয়েছে রসুনের।

Comments are closed.