কোনো বাধা আমাদের থামাতে পারবে না: আসাদের পতনের বার্ষিকীতে আল-শারা

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের প্রথম বার্ষিকীতে দৃঢ় বার্তা দিয়েছেন বিদ্রোহী নেতা ও অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রধান আহমেদ আল-শারা। সোমবার (৮ ডিসেম্বর) ভোরে দামেস্কের উমাইয়া মসজিদে ফজরের নামাজ শেষে সামরিক পোশাকে তিনি সিরীয় জনগণের উদ্দেশে ভাষণ দেন। খবর সানা নিউজ এজেন্সির।

গত বছরের ডিসেম্বরে আল-আসাদ রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে আল-শারা নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এক বছর পূর্তিতে দেওয়া ভাষণে তিনি বলেন, “কেউ যত শক্তিশালী হোক না কেন—আমাদের পথে দাঁড়াতে পারবে না। কোনো বাধা আমাদের থামাতে পারবে না। স্রষ্টার ইচ্ছায় আমরা একসাথে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করবো।”

তিনি আরও বলেন, “উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম—আমরা সিরিয়াকে আবার অতীতের মতো শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলব। প্রাচীন ঐতিহ্যের মতোই দেশকে পুনর্গঠন করা হবে।”

উমাইয়া মসজিদে দেওয়া এ ভাষণে আল-শারা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে পাঠানো কাবার গিলাফের (কাপড়) একটি টুকরো মসজিদের ভেতরে স্থাপন করেন, যা উপস্থিত জনতার দৃষ্টি আকর্ষণ করে।

আসাদের পতনের এক বছর পর সিরিয়ায় নতুন প্রশাসনের স্থিতি, দেশের পুনর্গঠন ও সামনের পথচলা নিয়ে আল-শারার এ বক্তব্যকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।