ভারতকে কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক।
তিনি বলেছেন, “সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনও আগ্রাসন চালায়, তাহলে এর ‘চূড়ান্ত জবাব’ দেওয়া হবে।”
বৃহস্পতিবার আজাদ কাশ্মীরের আইনসভায় দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
আনোয়ারুল হক বলেন, “ভারতের সাহস নেই পাকিস্তানের সীমান্ত লঙ্ঘনের। কিন্তু যদি করে, তাহলে শক্ত প্রতিরোধের মুখে পড়বে।”
তিনি ভারতের কূটনৈতিক আচরণকে চাণক্য নীতি— অর্থাৎ, ‘কূটনীতির আবরণে ছুরি মারা’ বলেও আখ্যা দেন।
তিনি আরও বলেন, “যদি ভারত লাইন অব কন্ট্রোল লঙ্ঘন করে, তাহলে জাতিসংঘ সনদের আওতায় পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে।”
আনোয়ারুল হক বলেন, “পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। ভারতসহ কোনও দেশই আমাদের সীমান্ত লঙ্ঘনের সাহস করবে না। আমরা সব সময় প্রস্তুত।”
