গাজায় গণহত্যার প্রতিবাদে নিজের গায়ে আগুন দিয়ে মৃত্যু মার্কিন সেনার

গাজায় গণহত্যার প্রতিবাদে নিজের শরীরে আগুন দেয়া সেই মার্কিন সেনা মারা গেছেন। তিনি ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের সামনে এ প্রতিবাদ জানিয়েছিলেন।

নাম প্রকাশ না করে মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনবিসি নিউজ মঙ্গলবার জানিয়েছে, মার্কিন বিমান বাহিনীর ওই সদস্য মারা গেছেন। তার পরিবারের বক্তব্যসহ পরবর্তী সময়ে বিস্তারিত প্রেস সিরিজের মাধ্যমে জানানো হবে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের সামনে স্থানীয় সময় গত রোববার বিকেলে গায়ে আগুন দেন ওই মার্কিন সেনা। ওই সেনাকে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সোমবার তিনি মারা যান।

বিমানবাহিনীর ওই সদস্য ২৫ বছর বয়সী অ্যারন বুশনেল বলে জানা গেছে। তিনি টেক্সাসের বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে।

এর আগে ইসরাইলি দূতাবাসের মুখপাত্র বলেছেন, ওই ব্যক্তি শরীরে আগুন দেয়ার সময় দূতাবাসের কেউ আহত হননি।

মার্কিন গণমাধ্যমের খবরের বরাতে এএফপি আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লাইভ ভিডিও স্ট্রিমিং টুইচে ক্লান্ত অবস্থায় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি আর গণহত্যার মতো অপরাধে নিজেকে জড়াতে চান না। এরপরই তিনি নিজের শরীরে তরলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরান।

 

এনএএন টিভি