চলে গেলে বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক সোনা বিজয়ী

চলে গেলেন বিশ্বের প্রবীণতম অলিম্পিক স্বর্ণজয়ী নারী জিমন্যাস্ট আগনেস কেলাটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্ট থেকে বেঁচে ফেরা এবং পাঁচবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এই অ্যাথলেট ১০৩ বছর বয়সে মারা গেছেন।

আগামী ৯ জানুয়ারি ১০৪ বছর পূর্ণ করতেন কেলাটি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বড়দিনের দিন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বৃহস্পতিবার সকালে বুদাপেস্টে মারা গেছেন হাঙ্গেরির অলিম্পিক চ্যাম্পিয়ন এই নারী জিমন্যাস্ট।

যিনি জীবিত সবচেয়ে বেশি বয়সী অলিম্পিক স্বর্ণজয়ী অ্যাথলেট ছিলেন। ১৯৫২ সালের হেলসিংকি অলিম্পিকে কেলাটি তার প্রথম স্বর্ণ জিতেছিলেন ৩১ বছর বয়সে। ১৯৫৬ সালে মেলবোর্ন আসরে আরও চারটি স্বর্ণপদক জেতেন। অলিম্পিকে তার পদক সংখ্যা ১০টি। যার পাঁচটিই স্বর্ণ। যা তাকে সর্বকালের দ্বিতীয় সফল হাঙ্গেরিয়ান অ্যাথলেটের মর্যাদা এনে দিয়েছে।

১৯২১ সালে বুদাপেস্টে তার জন্ম। ১৯৪০ সালে নিজের প্রথম হাঙ্গেরিয়ান চ্যাম্পিয়নশিপ জেতেন কেলাটি। কিন্তু ইহুদি বংশোদ্ভূত হওয়ার কারণে ওই বছরই সকল ক্রীড়া কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয় তাকে। মেলবোর্ন অলিম্পিকসের এক বছর পর কেলাটি ইসরায়েলে বসবাস শুরু করেন। সেখানে জিমন্যাস্টিকস কোচিং করানোর সময় বিয়ে করেন এবং দুজন সন্তানের জন্ম দেন।

এনএএন টিভি