তুরস্কের উত্তরাঞ্চলের বারতিন প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া আরো অনেকেই মাটির নিচে আটকা পড়ে আছেন। বিস্ফোরণের সময় খনিতে ১১০ জনের মতো শ্রমিক কাজ করছিল। তাদের অবস্থান ছিল ভূগর্ভের প্রায় ৩০০ মিটার নিচে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা জানিয়েছেন, খনিতে আটকা পড়াদের মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
উদ্ধারকর্মীরা রাত থেকেই আটকা পড়াদের বের করে আনতে কাজ করে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে, কৃষ্ণসাগরের উপকূলে আমরাসা এলাকায় অবস্থিত ওই খনি থেকে যাদের উদ্ধার করা হচ্ছে তাদের অবস্থা খুবই শোচনীয়।
তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে যে ফায়ারড্যাম্পের কারণে বিস্ফোরণ ঘটেছে, যা মিথেন কয়লা খনিতে বিস্ফোরক মিশ্রণ তৈরি করছে। তিনি এ ঘটনাকে সত্যিই দুঃখজনক বলে উল্লেখ করেন।
এদিকে বিস্ফোরণের কারণে দুর্ঘটনার শিকার ওই খনিটি শনিবার পরিদর্শনে যাবেন প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান।
উল্লেখ্য, ২০১৪ সালে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর সোমাতে একটি কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ৩০১ জনের মৃত্যু হয়।
