ভয়াবহ কলেরায় মৃত্যু ১ হাজার ছাড়িয়েছে

ভয়াবহ কলেরার প্রাদুর্ভাবে ১ হাজারের বেশি মানুষ মারা গেছে মালাউইতে। দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩০,৬২১। দেশটির স্বাস্থ্যমন্ত্রী খুম্বিজ চিপন্ডা এই তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী চিপন্ডা বুধবার অন্ত্যেষ্টিক্রিয়ার আগে কলেরায় আক্রান্ত ব্যক্তিদের মৃতদেহ সর্তকতার সঙ্গে ধরতে বলেছেন।

তিনি মৃতদেহগুলোর জন্য প্লাস্টিকের ব্যাগ এবং দূষণ বা সংক্রমণ রোধে ক্লোরিন ব্যবহারের তাগিদ দিয়েছেন দেশটির জনগণকে। বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে দুটি প্রধান শহর লিলংওয়ে এবং ব্লানটায়ারে।

স্থানীয় সময় মঙ্গলবার মৃতের সংখ্যা জানানো হয়, যা মালাউইর গত ২০ বছরের ইতিহাসে কলেরায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) পরিসংখ্যান অনুসারে, এর আগে ২০০১ সালের নভেম্বর থেকে ২০০২ সালের মার্চ পর্যন্ত মালাউইতে কলেরায় মৃত্যু হয়েছিল ৯৬৮ জনের।

বর্তমান প্রাদুর্ভাবের আগ পর্যন্ত এটিই এক মৌসুমের কলেরায় সর্বোচ্চ মৃতের রেকর্ড হিসেবে নথিভুক্ত ছিল।

নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সাধারণত বৃষ্টির সময় দক্ষিণ আফ্রিকার দেশটিতে কলেরা নিয়মিত আঘাত হানছে। যেখানে সাধারণত ১০০ জনের কাছাকাছি মৃত্যু হয়।

কিন্তু ২০২২ সালে এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কলেরার কারণে ডায়রিয়া এবং বমি শুরু হয়। এটি ব্যাকটেরিয়া থেকে সংক্রমিত হয়। যা সাধারণত দূষিত খাবার বা পানির মাধ্যমে ছড়ায়।

চলতি মৌসুমে কলেরা যেভাবে ছড়াচ্ছে, তাতে মৃত্যুর মিছিল কোথায় গিয়ে থামে- তা নিয়ে রীতিমতো শঙ্কায় আছে মালাউইতের সরকার।

সূত্র : আলজাজিরা

Share this news as a Photo Card