কেনিয়ার রাজধানী নাইরোবিতে মঙ্গলবার (৫ মার্চ) মাঝ-আকাশে দুটি বিমানের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা গেছে, বিমান দুটিতে মোট ৪৬ জন আরোহী ছিলেন। এর মধ্যে একটি যাত্রীবাহী বিমানে ছিলেন ৪৪ আরোহী। আর অপর একটি প্রশিক্ষণ বিমানে ছিলেন দুজন, তারা নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এ দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমানে পাইলট হিসেবে থাকা এক শিক্ষার্থী এবং তার প্রশিক্ষক নিহত হয়েছেন। প্রশিক্ষণের সময়ই যাত্রীবাহী একটি প্লেনের সঙ্গে তাদের প্লেনের সংঘর্ষ হয়।
কেনিয়ার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে স্থানীয় বিমান সংস্থা সাফারিলিংকের একটি প্লেন এবং ৯৯ ফ্লাইং ট্রেনিং স্কুলের একটি প্লেনের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। নাইরোবির পুলিশ সদস্য অ্যাডামসন বুঙ্গেই এএফপিকে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই দুর্ঘটনা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। সাফারিলিংক নামের বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ওই বিমানে ৪৪ জন আরোহী ছিলেন। এটি দিয়ানির উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের পর বিমানটি বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়।
এতে আরও বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানের যাত্রী এবং ক্র সদস্যদের কোনো ক্ষতি হয়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে এবং সাফারিলিংক এভিয়েশন তদন্ত কার্যক্রমে অংশ নেবে।
অপরদিকে ৯৯ ফ্লাইং স্কুলও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

Comments are closed.